ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন:ইতিবাচক ৮৯.৪% মানুষ-স্ট্রাটেজি এন্ড পলিসি ফোরামের গবেষণা
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেশের ৮৯.৪% মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। মাত্র ১০.৪% নেতিবাচক এবং ০.৪% নিরপেক্ষ মতামত দিয়েছেন।
গবেষণায় দেখা যায়, মিডিয়া কভারেজের ক্ষেত্রে ভিডিও প্রতিবেদনের সংখ্যা ২৮৯ ছিল সংবাদ প্রতিবেদনের সংখ্যা ৮৭ ছিল। বিশ্লেষণে আরও দেখা গেছে, ‘নির্বাচন’ ও ‘ধন্যবাদ’ শব্দ দুটি জনমত আলোচনায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক-প্রশাসন ইঞ্জি. আসিফ হোসেন রচি বলেন—”জনগণের এই আস্থাকে মূলধন হিসেবে নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। গবেষণার ফলাফল আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে, সময়মতো নির্বাচন হলে জনগণ তা সমর্থন করে।”
স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক(গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন-“এই ফলাফল প্রমাণ করে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা এখনও অটুট। প্রধান উপদেষ্টার ঘোষণায় মানুষের মধ্যে যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, তা একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতি জনগণের প্রত্যাশার প্রতিফলন।”
গবেষণাটি পরিচালিত হয়েছে টিভি ও অনলাইন পত্রিকার প্রচারিত সংবাদ, নেতিবাচক-ইতিবাচক কন্টেন্ট বিশ্লেষণ এবং ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’ পদ্ধতির মাধ্যমে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে।

