etcnews
ঢাকাWednesday , 18 June 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জুলাই ঘোষণাপত্র, সনদ ও বিচারের দাবিতে কাল জেলা-উপজেলায় এনসিপির কর্মসূচি

etcnews
June 18, 2025 8:58 am
Link Copied!

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে দলের জেলা ও উপজেলা কমিটিগুলোকে আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি পালনের আগে নবগঠিত জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা করার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন বিবৃতিটি পাঠিয়েছেন।

এনসিপির বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ জুন) এনসিপির নবগঠিত বিভিন্ন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা আয়োজন করার জন্য দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশনা দিয়েছেন। সভা শেষে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

২২ জুন নির্বাচন কমিশনে নতুন দলের নিবন্ধনের শেষ দিন। নিবন্ধনের শর্ত পূরণের জন্য এনসিপি ইতিমধ্যে প্রয়োজনীয়সংখ্যক জেলা-উপজেলা কমিটি করেছে, দলীয় কার্যালয়ও নেওয়া হচ্ছে।

কমিটিগুলো করার পর এখনো কোনো কর্মসূচি হয়নি। নিবন্ধনের আবেদনের আগে দলীয় কমিটি ও কার্যালয়গুলোকে সক্রিয় এবং চাঙা করার জন্য কার্যনির্বাহী সভা ও কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো হবে মূলত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশের ৩৩ জেলা ও ১২৬ উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। কমিটিগুলোর মাধ্যমে পরে আহ্বায়ক কমিটি গঠিত হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।