etcnews
ঢাকাSunday , 25 May 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালার ইউএনও অমিত কুমার সাহা কোথায় বলতে পারছে না কেউই

etcnews
May 25, 2025 1:08 pm
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। গত ২২ মে (বৃহস্পতিবার) তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে অংশ নেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

দীঘিনালা উপজেলায় কর্মরত উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ চাকমা জানান, ইউএনও অমিত কুমার সাহা ওইদিন মিটিং শেষে ছুটিতে যান এবং জানান যে তিনি পরিবার নিয়ে কর্মস্থলে আসবেন। তবে রোববার তাকে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, বর্তমানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা ছুটিতে থাকায় আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। তবে তিনি কতদিনের ছুটিতে রয়েছেন সেই বিষয়ে আমি অবগত নই।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানান, ইউএনও অমিত কুমার সাহা একটি পরীক্ষা দেওয়ার জন্য ছুটিতে রয়েছেন। তবে ছুটির মেয়াদ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি। তিনি আরও বলেন, ইউএনও সাহার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

অমিত কুমার সাহা চলতি বছরের ১৭ মে দীঘিনালা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। অভিযোগ রয়েছে, গত বছরের ঢাকার রামপুরা টিভি ভবন এলাকায় ছাত্র আন্দোলনের সময় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তার নির্দেশেই আন্দোলনকারীদের ওপর ১৫৩ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

সম্প্রতি এক প্রতিবেদনে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম আরও জানান, সামনে জুন মাসে দীঘিনালায় ইউএনও’র প্রয়োজন রয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ছাত্রজনতার আন্দোলনে যার নির্দেশে গুলি ছুড়ে নিরাপরাধ জনসাধারণকে শহীদ করা হয়েছে এমন অভিযুক্ত এখনও কীভাবে প্রশাসনের দ্বায়িত্ব পালন করছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা উচিত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।