শৈলকুপা (ঝিনাইদহ), ৩ নভেম্বর ২০২৬:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহ্যবাহী ত্রিবেণী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে জনাব গোলাম মোহাম্মদ আলীর অভিষেক অনুষ্ঠান আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি গোলাম মোহাম্মদ আলীর পিতা মরহুম এস এম বাহাদুর আলী ছিলেন এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর জনসেবামূলক কর্মকাণ্ড ও অসামান্য সমাজসেবার জন্য তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম সাফিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি গোলাম মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, মেধা ও মননশীলতার বিকাশ এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল অবকাঠামোগত উন্নয়নে নয়, বরং শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মধ্যেই নিহিত।
এ সময় তিনি বিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় আইটি সরঞ্জাম সরবরাহের জন্য আর্থিক অনুদান এবং শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে শিক্ষা সহায়ক বনভোজন আয়োজনের জন্যও অনুদান প্রদানের ঘোষণা দেন।
তাঁর এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতির আন্তরিকতা, নেতৃত্ব ও সহযোগিতায় ত্রিবেণী উচ্চ বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।

