সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির তেল পরিশোধনাগার (রিফাইনারি) নিয়ে নতুন তৎপরতা শুরু হয়েছে। সরকারের কোনো অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করলেও সরকারি সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে।
এমনকি বিপুল পরিমাণ যন্ত্রাংশ আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ
তদন্ত না করেই ওপর মহলের জোর তদবিরে প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রিফাইনারি স্থাপনে ২০২৩ সালের নীতিমালার সব শর্ত পূরণ করা হয়েছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেবে কমিটি। আজ বুধবার কমিটির সদস্যরা টিকে গ্রুপের এই রিফাইনারি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
এদিকে নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, ‘সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না।’ তবে সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি সরকারের অনুমোদন না নিয়েই রিফাইনারি স্থাপন করেছে বলে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি মূল অনুমোদন ছাড়াই রিফাইনারির নির্মাণকাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি এতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি, শুল্ক ফাঁকির অভিযোগ এবং বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির আবেদন ঘিরে জ্বালানি খাতে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের স্পর্শকাতর শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ ও পরিচালনার উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গতকাল বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির মহাব্যবস্থাপককে (বাণিজ্য ও অপারেশন)। কমিটির অন্য সদস্যরা হলেন—ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)। বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রণীত ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’ অনুযায়ী সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি স্থাপনের সব শর্ত পূরণ করেছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করতে হবে।
পরিদর্শনের তিন দিনের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
সরকারি অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স না থাকলেও চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের রিফাইনারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকারি নথিপত্র বিশ্লেষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে। একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন।
অভিযোগ রয়েছে, এসব প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানার জন্য বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করা হয়েছে। আমদানির ক্ষেত্রে শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে। যন্ত্রপাতির আড়ালে অন্য কোনো পণ্য আমদানি কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, তা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, সে প্রশ্নও তুলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, একটি অনুমোদনহীন রিফাইনারির জন্য এভাবে যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হওয়া নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে যথাযথ নিরাপত্তা ও তদারকি নিশ্চিত না করে কৌশলগত কাঁচামাল আমদানির অনুমতি দেওয়া হলে, তা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
জ্বালানি বিভাগ ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারির প্রয়োজনীয় অনুমোদন না থাকলেও প্রভাবশালী একটি মহলের তৎপরতায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়ার উদ্যোগ চলছে। এখন রিফাইনারি স্থাপনের শর্ত পূরণের বিষয়টি যাচাইয়ের নামে অনুমোদনের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অনুমোদনসংক্রান্ত বিতর্কের মধ্যেই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি তাদের রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির কথা বলা হয়েছে।
অনুসন্ধানে পাওয়া নথিপত্রে দেখা গেছে, আমদানির আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্যকে এক করে উপস্থাপনের অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট ও লাইট ক্রুড এক ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
গত ২৭ অক্টোবরের একটি চিঠিতে প্রতিষ্ঠানটি বিপিসির ১০ আগস্টের পত্রের সূত্র উল্লেখ করে ২০২৭ সালে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে। এতে বলা হয়, ওই বছর বিপিসিকে দুই লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, এক লাখ ১৯ হাজার টন পেট্রল, চার লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং তিন লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি উৎপাদনে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সুপার পেট্রোকেমিক্যালের বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো চিঠিতেও কাঁচামাল আমদানির পরিকল্পনায় অসংগতি পাওয়া গেছে। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত গত ১০ আগস্টের চিঠিতে ২০২৭ সালে প্রতিষ্ঠানটির কাছ থেকে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিমাণ জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে ২০২৭ সালে বিপিসিকে মোট ১২ লাখ তিন হাজার টন পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা জানানো হয়।
পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি ছাড়া বছরের বাকি ১১ মাসে প্রতি মাসে ২১ হাজার ৫০০ টন অকটেন ও ১০ হাজার টন পেট্রল সরবরাহের কথা বলা হয়। মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে ৫০ হাজার টন ডিজেল এবং ৪২ হাজার টন এইচএফও সরবরাহের পরিকল্পনাও তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, বর্তমানে নির্মীয়মাণ দৈনিক ৩৫ হাজার ব্যারেল ক্ষমতার ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) ২০২৭ সালের মার্চে চালুর পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে এপ্রিল থেকে জ্বালানি সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। অথচ এর আগে গত ১৪ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে পাঠানো চিঠিতে একই প্লান্টে পরিশোধনের জন্য বছরে ২০ লাখ টন সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অথবা সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানির আগ্রহের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। অর্থাৎ একই রিফাইনারির জন্য বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে পাঠানো চিঠিতে কাঁচামাল আমদানির পরিমাণ ও পরিকল্পনায় ভিন্নতা দেখা যাচ্ছে। এ ধরনের অসংগতি নিয়েও প্রশ্ন উঠেছে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘সুপার পেট্রোকেমিক্যালের ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির প্রস্তাবটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বর্তমানে বেসরকারি কিছু প্রতিষ্ঠান কনডেনসেট আমদানি করে অথবা দেশীয় উৎস থেকে কনডেনসেট সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করছে। দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলে আসছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের নীতিমালায় আমদানি, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের সুযোগ রয়েছে। তাই বিদ্যমান নীতিমালা, অনুমোদন এবং তাদের কার্যক্রমের আইনি ভিত্তি যাচাই করতে হবে। শুধু সাদা চোখে দেখলে হবে না, বিষয়টি গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’
বিপিসির একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনেরই অনুমোদন নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যে কনডেনসেট পরিশোধন করে জ্বালানি তেল উৎপাদন করছে, সেটিরও অনুমোদন নেই। ফলে অনুমোদনহীন প্লান্টে উৎপাদন কার্যক্রমের পাশাপাশি সেখানে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

