অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি :
রামপালের রোমজাইপুরে মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও সড়ক; ভাঙনের হুমকিতে হাজারো মানুষের জীবন-জীবিকা।
দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধের দাবিতে আবেদন, স্মারকলিপি, মানববন্ধন ও প্রতিবাদ করে আসছেন স্থানীয়রা। গত ৩০ আগস্ট প্রায় এক হাজার মানুষ নদীর তীরে দাঁড়িয়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান। কিন্তু কয়েক সপ্তাহ না যেতেই বদলে যায় দৃশ্যপট—যে জায়গায় দাঁড়িয়ে তারা নিরাপত্তার দাবি জানিয়েছিলেন, সেই স্থানটির একাংশও এখন নদীগর্ভে।
স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাময়িক প্রতিরোধ নয়, ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বাঁধ নির্মাণের দাবি তাদের।
তাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আরও বসতভিটা, কৃষিজমি ও সড়ক নদীতে হারিয়ে যাবে; বাস্তুচ্যুত হবে বহু পরিবার।
রোমজাইপুরবাসীর প্রশ্ন—“যে জায়গায় দাঁড়িয়ে ঘরবাড়ি রক্ষার দাবি জানিয়েছিলাম, সেই জায়গাটিও যদি নদীতে চলে যায়, তবে আগামী দিনে কোথায় দাঁড়িয়ে নিরাপত্তার দাবি জানাব?”
স্থানীয়দের দাবি, এখনই কার্যকর উদ্যোগ না নিলে নদীভাঙন শুধু মাটি নয়, রোমজাইপুরের মানুষের বসতি, যোগাযোগ ও জীবিকার ভবিষ্যৎও গ্রাস করবে।

