etcnews
ঢাকাTuesday , 6 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

হাজারীবাগের ৬ নম্বর সড়কে কিশোর গ্যাংয়ের আড্ডা, মাদক ও জুয়ার অভিযোগ

etcnews
October 6, 2026 3:47 pm
Link Copied!

রাজধানীর হাজারীবাগ থানার আওতাধীন টালি অফিস–সিকদার রিয়েল স্টেট এলাকার ৬ নম্বর সড়কে সন্ধ্যার পর থেকে বাড়ছে নানা অনৈতিক কর্মকাণ্ড—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি অবৈধ দোকান ও চায়ের দোকানকে ঘিরে বিকেল থেকে রাত ১২টা–১টা পর্যন্ত জড়ো হয় বিভিন্ন বয়সী লোকজন।

চায়ের দোকানের সামনে থাকা মানুষের চেয়ে রিকশার ভেতরে বসে থাকা লোকজনের সংখ্যা অনেক সময় বেশি দেখা যায়। সেখানে প্রকাশ্যে জুয়া খেলা, মাদক সেবন ও ধূমপানের মতো কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, এসব আড্ডাকে কেন্দ্র করে এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতাও বাড়ছে। রাস্তার ওপর দলবদ্ধভাবে দাঁড়িয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা, উচ্চস্বরে কথাবার্তা বলা এবং নারীদের উত্ত্যক্ত করার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।

এতে সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নারী ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী ও সচেতন নাগরিক বলেন, রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও এসব আড্ডার কারণে এলাকার পরিবেশ ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে। ছোট-বড় অনেকেই জুয়া ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এসব কর্মকাণ্ড দ্রুত বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অবৈধ দোকান উচ্ছেদ এবং নিয়মিত নজরদারি বাড়িয়ে এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।