etcnews
ঢাকাSaturday , 26 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আলিয়া ভাটের যে সত্যগুলো আপনি জানতেন না

etcnews
September 26, 2026 2:22 pm
Link Copied!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তার রিল লাইফ বা গ্ল্যামারাস দুনিয়া সবার জানা হলেও ব্যক্তিগত জীবনের অনেক মজার এবং অজানা তথ্য অনেকেই জানেন না। একই সঙ্গে সঞ্জয় লীলা বানসালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ ক্যাবারে লুকে হাজির হয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই অভিনেত্রী।পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের মেয়ে আলিয়ার জন্ম ১৯৯৩ সালের ১৫ মার্চ মুম্বাইয়ে। সিনেমার পরিবারে বড় হলেও ১৯ বছর বয়সে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। প্রথম ছবিতেই জনপ্রিয়তা পাওয়ার পর ‘হাইওয়ে’ সিনেমায় জটিল মানসিক চরিত্রের অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। এরপর ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।
তার ক্যারিয়ারে বড় মোড় আসে ‘উড়তা পাঞ্জাব’ দিয়ে। মাদক সমস্যায় জর্জরিত তরুণীর চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, গ্ল্যামারাস উপস্থিতির বাইরেও কঠিন চরিত্র সামলানো তার পক্ষে সম্ভব। এরপর মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় কাশ্মীরি গুপ্তচরের চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় গঙ্গুবাই চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পান তিনি। অভিনয়ের পাশাপাশি ‘ডার্লিংস’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। ২০২২ সালে অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন তিনি এবং একই বছর তাদের কন্যাসন্তান রাহার জন্ম হয়।ব্যক্তিগত জীবনের কিছু অজানা অধ্যায় ঘেঁটে দেখলে তার সম্পর্কে এমন কিছু তথ্য সামনে আসে, যা অনেকেরই অজানা:
ব্রিটিশ নাগরিকত্ব

অনেকেই হয়তো জানেন না যে আলিয়ার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইতে হলেও তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তার মা সোনি রাজদান ব্রিটিশ ও জার্মান বংশোদ্ভূত হওয়ায় আলিয়া জন্মসূত্রে ব্রিটিশ পাসপোর্টের অধিকারী।

প্রথম অন-স্ক্রিন আত্মপ্রকাশ

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিকে আলিয়ার প্রথম সিনেমা মনে করা হলেও, তিনি মূলত মাত্র ৬ বছর বয়সে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সংঘর্ষ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেছিলেন। এই ছবিতে তিনি অভিনেত্রী প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।

৪০০ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে ‘শানায়া’ চরিত্রের জন্য পরিচালক করণ জোহর প্রায় ৪০০ জন প্রার্থীর অডিশন নিয়েছিলেন। সেই দীর্ঘ প্রতিযোগিতায় টিকে থেকেই লিড রোলের জন্য নির্বাচিত হন আলিয়া। এছাড়া এই ছবির জন্য তাকে মাত্র ৩ মাসে ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল।

অদ্ভুত কিছু ফোবিয়া ও পছন্দ

পুরুষদের পারফিউম: আলিয়া নারীদের ফলের মতো মিষ্টি বা ফ্রুটি সুগন্ধির চেয়ে পুরুষদের ভারী পারফিউম ব্যবহার করতে বেশি পছন্দ করেন। তার অন্ধকার ঘরের প্রতি তীব্র ভীতি রয়েছে। সাধারণ বাঙালি বা ভারতীয় খাবারের মধ্যে পোহা এবং ছাঁচ বা বাটার মিল্ক তার ভীষণ প্রিয়।

চারকোল পেন্টিং ও গান গাওয়ায় পারদর্শী

অভিনয়ের বাইরে আলিয়া একজন চমৎকার চিত্রশিল্পী। তিনি খালি সময়ে ক্যানভাসে চারকোল পেন্টিং করতে ভালোবাসেন। পাশাপাশি তিনি প্রফেশনাল মিউজিক স্কুলেও তালিম নিয়েছেন এবং নিজের অভিনীত বেশ কিছু সিনেমার গানে কণ্ঠও দিয়েছেন।
লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন লুক ও আলোচনা

এদিকে সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশের পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লকের ঝলক শেয়ার করেন আলিয়া। প্রকাশিত দুটি পোস্টারেই তাকে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। মাথায় ছিল নাটকীয় পালকের হেডড্রেস। সঙ্গে ক্রপ টপ, থাই-হাই স্লিটের স্কোর্ট এবং বুটের সেই সাজে ছিল ক্যাবারে শোর আবহ।

আলিয়ার এই লুক দেখে ইনস্টাগ্রামে মন্তব্য করে প্রবীণ অভিনেত্রী জিনাত আমান লেখেন, ওয়েল, ওয়েল… এসএলবি হ্যাজ আনলিশড আ শোগার্ল! জবাবে আলিয়া জানান, শুটিং সেটে বহুবার জিনাত আমানকে নিয়ে কথা হয়েছে, তাই তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার কাছে বিশেষ কিছু। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জিনাত লেখেন, দ্য সেভেন্টিস আর ব্যাক অ্যান্ড ক্যাবারে নেভার লুকড দিস গুড।

আলিয়ার ‘আলফা’ সিনেমার সহশিল্পী শর্বরী তার নতুন লুককে আইকনিক বলে মন্তব্য করেন। রণবীরের মা নীতু কাপুর ফায়ার ইমোজি দিয়ে লেখেন, উফফফফ এগেইন। এছাড়া রিদ্ধিমা কাপুর, ভূমি পেডনেকর ও হানসিকা ফায়ার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

এর আগে বৃহস্পতিবার প্রকাশ করা হয় রণবীর কাপুরের প্রথম লুক। ভিনটেজ নীল গাড়িতে বসা রণবীরের সাদা টি-শার্ট, সানগ্লাস ও পেছনে আঁচড়ানো চুলে পুরোনো দিনের স্টাইল দেখা গেলেও তার এক হাত ছিল রক্তে ঢাকা। আলিয়া সেই পোস্টার শেয়ার করে লিখেছিলেন, হেই হ্যান্ডসাম।

যুদ্ধের আবহে প্রেমের গল্প

সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য, প্রযোজনা, সম্পাদনা ও সংগীত পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে এটিকে যুদ্ধের পটভূমিতে তৈরি প্রেমের গল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাঁস হওয়া কিছু লুক থেকে ধারণা করা হচ্ছে, রণবীর ও ভিকি দুজনেই সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।

আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এই ছবির মাধ্যমে প্রথমবার সঞ্জয় লীলা বানসালির সঙ্গে একই ছবিতে কাজ করছেন রণবীর, আলিয়া ও ভিকি। প্রায় দুই দশক পর বানসালির সঙ্গে আবারও কাজ করছেন রণবীর। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’ ছিল তাদের প্রথম কাজ। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর বানসালির সঙ্গে আবারও জুটি বাঁধছেন আলিয়া। রণবীর ও ভিকি এর আগে ‘সঞ্জু’ সিনেমায় এবং আলিয়া ও ভিকি ‘রাজি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এছাড়া রণবীর ও আলিয়াকে দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব’ সিনেমায়। এবার তিন তারকাকে একসঙ্গে পর্দায় হাজির করছেন বানসালি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।