etcnews
ঢাকাSunday , 30 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এ বছর ইরানে ২০ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর

etcnews
August 30, 2026 3:22 pm
Link Copied!

চলতি বছর ইরানে অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানি মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে আফগান বার্তা সংস্থা খামা প্রেস।মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরের প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আরও অন্তত তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে বেশির ভাগ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এসব মৃত্যুদণ্ডের বেশির ভাগ কার্যকর হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তাইবাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইসফাহানের দাস্তগের্দ কারাগারে।মানবাধিকার সংগঠনগুলো এসব মামলার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের দাবি, অনেক আসামি যথেষ্ট আইনি সহায়তা পাননি। অনেক পরিবারও তাদের স্বজনের মামলা বা পরিণতি সম্পর্কে ঠিকমতো জানতে পারেনি।

সাম্প্রতিক একটি মামলায় ইসফাহানের ‘আলিখানি স্কয়ার’ ঘটনায় দুই আফগান চাচাতো ভাই গোল মোহাম্মদ মোহাম্মাদি ও কায়েম হোসেইনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়া জুলাইয়ে আফশার শাহ-আহমাদি, ইমান শাফায়ি ও সদরউদ্দিন আহমাদজাদেহ নামে তিন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার ঘটনায় অংশ নেওয়ার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

তবে ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ডের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ দেশটিতে অনেক মৃত্যুদণ্ডের খবর সরকারিভাবে প্রকাশ করা হয় না।

মানবাধিকার সংগঠন হেংগাওর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এদিকে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড ঠেকাতে তালেবান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মৃত্যুদণ্ডের মুখে থাকা আফগান নাগরিকদের জন্য তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না।

সূত্র: খামা প্রেস

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।