স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
তিনি বলেন, ‘বুধবার (১৯ আগস্ট) প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।’জেল সুপার আরও বলেন, ‘কারাগারের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত আনা হবে।’এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
দিপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন। সেখানে মরহুমের মরদেহ থাকবে। সে বাড়িতেই দীপু মনির সাথে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। সে ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।

