দেশে আগামী ৫ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে। যদিও সব সরকারি কর্মচারী এই দীর্ঘ ছুটির সুযোগ পাবেন না।জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।এ ছাড়া যেসব দপ্তরে জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখা বাধ্যতামূলক, সেখানে নৈমিত্তিক ছুটি অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে। ফলে সব কর্মকর্তা-কর্মচারী একযোগে এ ছুটি ভোগ করতে পারবেন না।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগস্ট মাসে আরও একটি দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির পর ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের অবকাশ পাওয়া যেতে পারে। তবে ঈদে মিলাদুন্নবীর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

