কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্টে নারী ও শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এবং রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-১ এস-এর কাছ দিয়ে আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালেরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী-শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি দ্রুত অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।
একই সময় রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তের পিলার ১০৬৬ এলাকায় আরও তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেখানেও বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, গয়টাপাড়া সীমান্তে দুজন নারী, দুজন শিশু ও দুজন পুরুষসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। একই দিনে ভুন্দুরচর সীমান্তে আরও তিনজন পুরুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে সবাই ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি।

