নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নিহত আফাজ উদ্দিনের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শনিবার (১৩ জুন) দুপুর ২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘নিহত আফাজ উদ্দিনের স্বজন ও এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সৈয়দপুর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের ছেলে নুর হোসেন ও আবু বকর সিদ্দিক, মেয়ে রেহেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি, প্রভাবশালী একটি মহল অর্থের বিনিময়ে মামলাটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে, ফলে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহার করতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন বৃদ্ধকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় এখনো মূল আসামিদের গ্রেপ্তার না হওয়া অত্যন্ত হতাশাজনক। তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিও জানান।
কর্মসূচি থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে এবং বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৩ জুন খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় আফাজ উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গুরুতর দগ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হলে ৬ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

