ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের চার বছরের শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ও বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াত নেতা এম. আরশেদ আলী পাতা এবং শফিকুল ইসলাম শিমুল। কর্মসূচিটি সঞ্চালনা করেন বায়োজিত হোসেন।
এ সময় আবেগঘন বক্তব্যে শিশু তাবাচ্ছুমের বাবা বলেন, ‘আমার মেয়ের বিচারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। অনেকেই আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিয়ে বিচার চাই না, আমি আমার মেয়ের ন্যায়বিচার চাই।’
তিনি জানান, ন্যায়বিচারের আশায় তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান তাকে দ্রুত সময়ের মধ্যে মামলার বিচার সম্পন্নের আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার চার মাস পার হলেও মামলার প্রধান আসামির বিচার এখনো শেষ হয়নি। শিশু তাবাচ্ছুমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরদিন সকালে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাচ্ছুমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আবু তাহেরের বিরুদ্ধে বিচার কার্যক্রম দ্রুত শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতেই এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

