রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ওয়াহিদুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও বিচারের দাবিতে আহ রাজধানীতে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নাগরিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক অংশ নেন। বক্তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অভিযোগ করেন, রূপালী ব্যাংকের প্রশাসন, নিয়োগ, পদোন্নতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও অভিযোগ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহিমূলক ও বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তারা মনে করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
প্রতিবাদ সমাবেশ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—রূপালী ব্যাংক সম্পর্কিত উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিত করা, পেশাদার ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা।
বক্তারা বলেন, তাদের এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহি ও সংস্কারের দাবিতে সাধারণ নাগরিকদের উদ্যোগে আয়োজিত হয়েছে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

