সাংবাদিকদের সঙ্গে সময় কাটালে একঘেয়েমি ভর করার সুযোগ কম থাকে।অনেকে মনে করেন, একজন সাংবাদিকের সঙ্গে প্রেম বা বিয়ের সম্পর্কে জড়ানো সহজ নয়। কারণ তাদের কাজের ধরন অন্য অনেক পেশার চেয়ে ভিন্ন। নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হয়, আবার হঠাৎ করেই গুরুত্বপূর্ণ কোনো সংবাদ কাভার করতে ছুটতে হয়। ফলে প্রিয়জনকে সবসময় সময় দেওয়া সম্ভব হয় না। তবে বাস্তবে একজন সাংবাদিকের সঙ্গে সম্পর্কের রয়েছে বেশ কিছু ইতিবাচক দিক।
১. সৃজনশীল ও প্রাণবন্ত সঙ্গী
সাংবাদিকরা প্রতিদিন নতুন নতুন মানুষ ও ঘটনার মুখোমুখি হন। ফলে তাদের চিন্তাভাবনা হয় বৈচিত্র্যময় ও সৃজনশীল। তাদের সঙ্গে সময় কাটালে একঘেয়েমি ভর করার সুযোগ কম থাকে।
২. সবসময় আপডেট থাকা যায়
দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা, সমসাময়িক ইস্যু ও আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকরা দ্রুত অবগত হন। তাদের সঙ্গে থাকলে আপনিও নানা বিষয়ে আপডেট থাকতে পারবেন।
বিশ্ব রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, প্রযুক্তি কিংবা বিনোদন, প্রায় সব বিষয়েই তাদের কিছু না কিছু জানাশোনা থাকে। তাই তাদের সঙ্গে কথা বলার বিষয় খুব সহজে ফুরায় না।
৩. মাল্টিটাস্কিংয়ে দক্ষ
একসঙ্গে অনেক কাজ সামলানো সাংবাদিকদের নিত্যদিনের অভ্যাস। তাই ব্যস্ততার মধ্যেও তারা সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন।
৪. ভালো শ্রোতা
পেশাগত কারণে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হয় তাদের। ফলে সম্পর্কেও তারা সঙ্গীর কথা ও অনুভূতিকে গুরুত্ব দিতে জানেন।
৫. ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করেন
নিজেদের ব্যস্ততার কারণে সাংবাদিকরা ব্যক্তিগত সময় ও স্পেসের গুরুত্ব বোঝেন। তাই তারা সাধারণত সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করেন।
৬. বিশ্বাস ও গোপনীয়তার মূল্য বোঝেন
তথ্যের নিরাপত্তা ও সূত্রের গোপনীয়তা রক্ষা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। ফলে তারা বিশ্বাস ও আস্থার গুরুত্ব ভালোভাবে উপলব্ধি করেন।
৭. নতুন অভিজ্ঞতার সুযোগ
বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, প্রিমিয়ার শো কিংবা বিশেষ ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ সাংবাদিকদের বেশি থাকে। অনেক সময় তাদের সঙ্গীরাও সেই অভিজ্ঞতার অংশ হতে পারেন।
৮. কঠোর পরিশ্রমী ও দায়িত্বশীল
সংবাদ সংগ্রহ থেকে শুরু করে তথ্য যাচাই- সব ক্ষেত্রেই পরিশ্রম ও দায়িত্ববোধের প্রয়োজন হয়। এই গুণগুলো তাদের ব্যক্তিগত জীবনেও প্রতিফলিত হয়।
৯. কাজের প্রতি গভীর ভালোবাসা
সাংবাদিকতার পেশায় অধিকাংশ মানুষ অর্থের চেয়ে কাজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে বেশি গুরুত্ব দেন। ফলে তারা নিজের কাজ এবং সম্পর্ক- দুই ক্ষেত্রেই আন্তরিক হওয়ার চেষ্টা করেন।
১০. বিশ্বস্ততার জন্য পরিচিত
বিশ্বাস রক্ষা ও দায়িত্বশীল আচরণ সাংবাদিকতার অন্যতম ভিত্তি। সম্পর্কের ক্ষেত্রেও এই গুণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে, সাংবাদিকদের ব্যস্ততা ও অনিয়মিত জীবনযাত্রা অনেকের কাছে চ্যালেঞ্জ মনে হলেও তাদের সৃজনশীলতা, দায়িত্ববোধ, বিশ্বস্ততা এবং অভিজ্ঞতাসমৃদ্ধ জীবনধারা একটি সম্পর্ককে আরও সমৃদ্ধ ও অর্থবহ করে তুলতে পারে।

