etcnews
ঢাকাSunday , 7 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বালুবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ল নদীতে  

etcnews
June 7, 2026 8:44 pm
Link Copied!

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবাহী ট্রাকসহ ধসে পড়েছে। রোববার (৭ জুন) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে ধোবাউড়াগামী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্রিজ ধসের ফলে ধোবাউড়া উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে জরুরি যানবাহনগুলো বিকল্প হিসেবে হালুয়াঘাট সড়ক ব্যবহার করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এমনকি গত তিন দিন ধরে সেতুটির মেরামত কাজও চলছিল। এর মধ্যেই অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক ব্রিজে উঠলে সেটি ট্রাকসহ ভেঙে নদীতে পড়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পরও সেতুটিতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেইন জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সেতু ধসের ঘটনায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু ও দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।