etcnews
ঢাকাSaturday , 6 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আবু সাঈদ খান সম্পাদিত ‘অগ্রদূত’ আসছে

etcnews
June 6, 2026 9:54 pm
Link Copied!

বস্তুনিষ্ঠ সংবাদ এবং স্বাধীন সাংবাদিকতার প্রত্যয় নিয়ে আসছে বহুমাত্রিক সংবাদমাধ্যম ‘অগ্রদূত’। শনিবার (৬ জুন) সকালে ওয়েবসাইট পাঠকের জন্য উন্মুক্ত করার মাধ্যমে গণমাধ্যমটির আত্মপ্রকাশ হয়েছে।

সরকার, রাজনৈতিক দল ও করপোরেট প্রভাবমুক্ত থেকে নির্ভয়ে সত্য প্রকাশে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক ধাপে অনলাইনে যাত্রা শুরু করলেও অচিরেই ছাপা পত্রিকা হিসেবে আসবে অগ্রদূত।

আত্মপ্রকাশের দিনে দেশব্যাপী কর্মরত প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বার্তা সম্পাদক ইয়াহিয়া নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অগ্রদূতের আগামী দিনের রূপরেখা ও সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অগ্রদূতের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান তাঁর সম্পাদকীয় ভাষ্যে এবং মতবিনিময় সভায় গণমাধ্যমটির নীতিগত অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘অগ্রদূত স্বাধীন সংবাদমাধ্যম। সরকার বা কোনো দলের লেজুড় নয়। দলনিরপেক্ষ হলেও মতনিরপেক্ষ নয়। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থান আমাদের পথ চলার শক্তি। অগ্রদূত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অঙ্গীকারবদ্ধ।’

বর্তমান সময়ের সংবাদমাধ্যমের সংকট তুলে ধরে তিনি জানান, অনেক সংবাদপত্র করপোরেট মালিকানার অধীনে চলে যাওয়ায় সম্পাদকীয় নীতিতে মালিকপক্ষের খবরদারি বেড়েছে এবং সাংবাদিকদের স্বাধীনতা খর্ব হচ্ছে। সরকার ও মালিকপক্ষ একাকার হলে স্বাধীন সাংবাদিকতার সুযোগ থাকে না। এই সংকট মোকাবিলায় লেজুড়বৃত্তিমুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। অগ্রদূত নির্ভয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও গলদ প্রকাশ করবে এবং অন্তর্ভুক্তিমূলক সমাজভাবনা ধারণ করে সব ধর্মের, বর্ণের ও লিঙ্গের মানুষের সমঅধিকারের পক্ষে কথা বলবে।

ভার্চুয়াল সভায় অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর দিনটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, ‘এই গণমাধ্যমটি সফল হলে আগামীর বাংলাদেশে এমন আরও অনেক স্বাধীন গণমাধ্যম গড়ে উঠবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি অগ্রদূত সারাদেশের জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সব সংবাদ গুরুত্বসহকারে তুলে ধরতে চায়।’

বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব বলেন, ‘সারাদেশের সাংবাদিকরাই অগ্রদূতের প্রধান শক্তি। অগ্রদূত স্বাধীন গণমাধ্যম হিসেবে মানুষের জন্য মানুষের কথা বলবে। সকলে মিলে একসাথে কাজ করলে সফলতা আসবে।’

সভায় নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসান ক্ষমতাবানদের বিরুদ্ধে সংবাদ করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের মামলা-হামলা ও হয়রানির ঝুঁকির বিষয়ে অগ্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘মফস্বল প্রতিনিধিরা অগ্রদূত পরিবারের সদস্য। তাদের কেউ আক্রান্ত হলে অগ্রদূত আক্রান্ত হবে এবং আমি মনে করব আমি নিজে আক্রান্ত হয়েছি। সেক্ষেত্রে আমরা সাধ্যমতো তাদের পাশে থাকব।’

মুন্সীগঞ্জ প্রতিনিধি নাজমুল হাসান পিন্টু মফস্বল সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরলে সম্পাদক আশ্বস্ত করেন যে, আধুনিক সময়ের সাংবাদিকতা ও প্রযুক্তির ব্যবহার নিয়ে অগ্রদূত দেশব্যাপী সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার আলী অগ্রদূত ওয়েবসাইট আত্মপ্রকাশের তারিখের (৬-৬-২০২৬) একটি চমৎকার কাকতালীয় দিক তুলে ধরে বলেন, ‘৩টা ৬ এখানে। অর্থাৎ ছক্কা মেরে আমাদের শুরু হলো। অভিজ্ঞ সম্পাদকের নেতৃত্বে অগ্রদূত নিশ্চয়ই ভালো কিছু করবে।’

সবশেষে, কেবল সংবাদ পরিবেশন নয়, সমাজ ও রাষ্ট্রের শিক্ষা-নৈতিকতার উন্নয়নে অগ্রদূত (agradut.net) সদস্যরা একসঙ্গে কাজের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।