হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই ড্রেনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

