গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাবু মিয়া, নিরব মিয়া ও স্বাধীন ব্যাপারী নামে তিনজনকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে মামলার অন্যতম অভিযুক্ত বিপ্লব ওরফে ডিপজল।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই কিশোরী ফোনে কথা বলার জন্য বসতঘরের বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পান। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে। আটক হওয়া সবার বাড়ি উপজেলার গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপ্লব ওরফে ডিপজল নামে আরেক অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা তিনজনকে আটক করেছি। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এলাকায় এই বর্বরোচিত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

