খুলনা মহানগরীতে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের সমন্বয়ে পরিচালিত এ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গত ৪ জুন বৃহস্পতিবার দিনব্যাপী মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
এ সময় অপরাধে ব্যবহারের অভিযোগে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। এছাড়া অভিযানে উদ্ধার হওয়া অন্যান্য আলামতও জব্দ করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
কেএমপি সদর দপ্তর জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৬৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কেএমপি দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের বিশেষ যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে চলমান এ অভিযান নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার করবে।

