etcnews
ঢাকাWednesday , 20 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল

etcnews
May 20, 2026 5:56 pm
Link Copied!

এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় আনবে না বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।
বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানস্থলে পৌঁছার পর এলজিআরডিমন্ত্রী পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়েন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের ঐতিহ্যবাহী নৃত্য ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। লালগালিচার এই রাজকীয় সংবর্ধনায় তিন মন্ত্রীই এলাকার মানুষের ভালোবাসায় অভিভূত হন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো? এ সময় উপস্থিত জনতা চিৎকার করে বলে ওঠেন—‘জামায়াতে ইসলামী’।

মন্ত্রী তখন জনতার উল্লাসের মধ্যে বলেন, নামটা জোরে বলতে হবে। মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এ দেশের রাজনীতি হবে না। সত্য কথা বলে রাজনীতি করতে হবে।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।