শরীয়তপুর প্রতিনিধি :
দেশের দক্ষিণাঞ্চলের সম্ভাবনাময় জেলা শরীয়তপুর এখনো উন্নয়নের নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি স্থানীয়দের। প্রায় ১১৮১.৫৩ বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় প্রায় ১৩ লাখ মানুষের বসবাস হলেও আধুনিক যোগাযোগব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভাব দীর্ঘদিনের বাস্তবতা হয়ে রয়েছে।
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও শরীয়তপুরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের সুফল এখনো পুরোপুরি পৌঁছায়নি বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে জেলার মানুষের দীর্ঘদিনের দাবি— শরীয়তপুরে রেললাইন নির্মাণ।স্থানীয়দের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা গেলে জেলার অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগের নতুন সুযোগও তৈরি হবে।
এছাড়া শরীয়তপুরে আধুনিক ও প্রশস্ত সড়কব্যবস্থা, উন্নতমানের মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আশ্বাস মিললেও বাস্তবায়নের অগ্রগতি খুবই সীমিত।
জেলার বাসিন্দাদের প্রশ্ন, দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পগুলোর একটি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত শরীয়তপুরের সীমানায় থাকা সত্ত্বেও কেন এখনো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকবে এ জেলা?শরীয়তপুরবাসীর প্রত্যাশা, পদ্মা সেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্রুত রেললাইন নির্মাণসহ সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। তাদের ভাষায়, “শরীয়তপুরে রেললাইন চাই, উন্নয়নের ন্যায্য অধিকার চাই।”
/কানিজ/কাওছার

