etcnews
ঢাকাSaturday , 3 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

etcnews
January 3, 2026 10:02 am
Link Copied!

নেপালে ফের দুর্ঘটনার কবলে পড়েছে বিমান। অবতরণের সময় রানওয়ে থেকেই ছিটকে বিমানটি অন্তত ২০০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনার পর সংশ্লিষ্ট বিমান সংস্থা বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নেপালের সংস্থা বুদ্ধ এয়ারের একটি ছোট আকারের বিমান শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে যাচ্ছিল। ভদ্রপুরে পৌঁছোনোর পর অবতরণের চেষ্টা করে বিমানটি। কিন্তু আচমকা প্রবল ঝাঁকুনি হয়। বিমানটি ছিটকে রানওয়ে থেকে বেরিয়ে যায়। পাশে ছিল নদী। নদীর একেবারে ধারে গিয়ে বিমানটি থামে। বিমানটিতে যাত্রী ও ক্রসহ ৫৫ জন ছিলেন। তাদের অনেকে সামান্য আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়।

বুদ্ধ এয়ারের ৯এন-এএমএফ বিমানটি দুর্ঘটনার খবর পেয়ে কাঠমান্ডু থেকে উদ্ধারকারী দল ভদ্রপুরে পাঠানো হয়। বিমানের প্রযুক্তিতে দক্ষ কয়েকজন দেশটির কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তারা কারণ অনুসন্ধান শুরু করেছেন।

কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও বিমানকর্মীদের উদ্ধার করা হয়েছে। কী কারণে এই পরিস্থিতি তৈরি হল, কেন বিমানের চাকা রানওয়ে ছোঁয়ার পরেও তা ছিটকে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ক্ষেত্রে কুয়াশার প্রভাব থাকতে পারে বলে অনেকে মনে করছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে দেশটিতে এক বিমান দুর্ঘটনায় ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখরায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় যাত্রী এবং বিমানকর্মীসহ ৭২ জন নিহত হয়েছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।