etcnews
ঢাকাTuesday , 23 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মিত্রদের ‘বিজয় নিশ্চিতে’ নতুন কৌশলে বিএনপি

etcnews
December 23, 2025 4:27 am
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আসন সমঝোতা’ নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে ‘আনুষ্ঠানিক’ আলোচনা শেষ করেছে বিএনপি। আজ-কালের মধ্যে অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরই মিত্রদের কে কোন আসনে নির্বাচন করবেন, তা ঘোষণা করা হবে। তবে সংশোধিত আরপিও এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিবেচনায় নির্বাচনে শরিকদের ‘বিজয় নিশ্চিতে’ বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। এর অংশ হিসেবে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ‘অনিবন্ধিত’ মিত্র দল ও জোটের শীর্ষ নেতা, যাদের বিএনপি মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের দলে যোগদান করিয়ে ‘ধানের শীষ’ নিশ্চিত করা হচ্ছে।সে অনুযায়ী এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে অন্তত দুটি দল বিএনপিতে যোগদান করে নিজেদের মনোনয়ন নিশ্চিত করেছে। ‘অনিবন্ধিত’ দলগুলোর আরও দু-একজন শীর্ষ নেতার আসন নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা চলছে। অন্যদিকে, নিবন্ধিত দলগুলোর শীর্ষ নেতারা, যাদের ‘জাতীয় পর্যায়ে পরিচিতি’ রয়েছে, তাদের আসনও অনেকটাই নিশ্চিত। দলীয় সাংগঠনিক ভিত্তি মজবুত না হলেও জোটের ঐক্যের স্বার্থে তাদের এরই মধ্যে আশ্বস্ত করে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি এখন ঘোষণার অপেক্ষা। বিএনপি সূত্রে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসন্ন নির্বাচনে আসন সমঝোতা নিয়ে শরিকদের সঙ্গে এরই মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, বিষয়টি দু-এক দিনের মধ্যেই সুরাহা হয়ে যাবে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’ শরিকদের সঙ্গে কয়টি আসনে সমঝোতা হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এখন কিছুই বলা যাবে না।’

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।