প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একই অভিযোগে মি. রহমানের ছেলে শায়ান ফজলুর রহমানকেও পুঁজিবাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
সেইসঙ্গে, মি. রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তারা ‘আইএফআইসি আমার বন্ড’ এর প্রচারে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিষয়টি অনুসন্ধানের পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের ৯৬৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসইসি।
এছাড়া প্রতারণায় সহযোগিতার করার অভিযোগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকেও পুঁজিবাজারে আজীবন ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।
হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন।

