শেষটা হলো আক্ষেপ দিয়ে। সম্ভাবনা জাগিয়েও মুশফিকুর রহিমের আরেকটি ডাবল সেঞ্চুরির স্বপ্ন আপাতত অপূর্ণ রয়ে গেল। ১৬৩ রান করে আসিতা ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন তিনি।
তবে নিজেকে ফিরে পাওয়া এই ইনিংস দিয়েই মুশফিক জানিয়ে দিলেন, বয়স ৩৮ পার হলেও তিনি হারিয়ে যাননি। শততম টেস্টের দিকে তাঁর দৃষ্টি ফেলে রাখা অযথা নয়।
নভেম্বরের আগে বাংলাদেশের আর টেস্ট ম্যাচ নেই। নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ হোম সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টির সঙ্গে হবে দুটি টেস্ট ম্যাচ।

সেই সিরিজের প্রায় পাঁচ মাস আগে এখনই লিখে দেওয়া যায়—সব ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটিই হবে বাংলাদেশের কোনো ক্রিকেটারের খেলা প্রথম শততম টেস্ট ম্যাচ। গৌরবের সেই মালা পরার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দল খেলবে আর দুটি টেস্ট। কলম্বোয় চলতি শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ‘সব ঠিক থাকলে’ বলতে যদি মুশফিক নিজে এই ম্যাচগুলোতে খেলার মতো অবস্থায় থাকেন এবং কোনো দৈবদুর্বিপাকে পড়ে এই তিন টেস্টের কোনোটি বাতিল না হয়ে যায়।
ভাবছেন, যে ক্রিকেটার এই মুহূর্তে গলে ক্যারিয়ারের ৯৭তম টেস্ট খেলছেন, সেঞ্চুরির পর দেড় শও পেরিয়ে যাঁর ব্যাট ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখাচ্ছিল; তাঁর শততম টেস্ট খেলার নিশ্চয়তা দিতে এত কিছু বলার কী আছে! আর তো মাত্র তিনটি টেস্টই। ১০০তম টেস্ট খেলতে মুশফিককে ঠেকাবে কে!
তবে কথাটা এখন যত জোর দিয়ে বলা যাচ্ছে, কদিন আগেও কি তা বলা যেত? গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসটি খেলার পর থেকে শ্রীলঙ্কা সিরিজের আগপর্যন্ত কেমন যাচ্ছিল মুশফিকের পারফরম্যান্স?

টেস্টে টানা ১৩ ইনিংসে কোনো ফিফটি নেই, সর্বোচ্চ ইনিংস ৪০ রানের, দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ছয় ইনিংসে। ব্যাট হাতে এমন ধারাবাহিক ব্যর্থতার পর ৯৬ টেস্ট খেলা মুশফিকও যদি শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকতেন, সেটা নিয়ে বড়জোর দল ঘোষণার সংবাদ সম্মেলনে কিছু বাড়তি প্রশ্নই হতো। এ নিয়ে হইচই ফেলার মতো পরিস্থিতি তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই সৃষ্টি হতো না।

