বার্সেলোনার বিরুদ্ধে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই ঐতিহাসিক অর্জনের পর ফরাসি এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের ঐক্যই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাত্র ১১৬তম ম্যাচে নেমেই শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।রিয়ালের হয়ে তার এই ১০০ গোলের মধ্যে রয়েছে লা লিগায় ৬৭টি, চ্যাম্পিয়ন্স লিগে ২৫টি, কোপা দেল রে-তে ৪টি, ক্লাব বিশ্বকাপে ২টি, উয়েফা সুপার কাপে ১টি এবং স্প্যানিশ সুপার কাপে ১টি গোল।
ম্যাচে ইয়ান দিওমান্দে পাস থেকে রিফ্লেক্টেড শটে প্রথম গোল করার পর শেষ মুহূর্তে অসাধারণ এক ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।রেকর্ড গড়ে সেঞ্চুরি করলেও ম্যাচ শেষে দলগত সাফল্যেই সম্পূর্ণ মনোযোগ ধরে রাখেন এমবাপ্পে। তিনি বলেন, আমি ভীষণ আনন্দিত। সবাই জানে আমি গোল করতে এবং গোল করে দলকে সাহায্য করতে ভালোবাসি। তবে আমার মনে হয় আজ এটি শুধুই একটি পরিসংখ্যান। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং একটি দল হিসেবে আমরা কীভাবে জয়টি পেয়েছি।
তিনি আরও বলেন, এই জয় পুরো দলকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে এবং সামনে আরও অনেক গোল আসবে, তাই এটি (ব্যক্তিগত ১০০ গোল) অতটা গুরুত্বপূর্ণ নয়।
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার চাপের কথা মনে করিয়ে দিয়ে সতীর্থদের পারফরম্যান্সের মান ধরে রাখার আহ্বান জানান এমবাপ্পে। তিনি জোর দিয়ে বলেন, আমরা জানতাম আমাদের পুরুষদের মতো সাহসিকতার সাথে, কিন্তু একইভাবে একটি দল হিসেবে খেলতে হবে। চলতি মৌসুমে আমরা যদি বড় কিছু অর্জন করতে চাই, তবে তা একতাবদ্ধ হয়েই করতে হবে। আমাদের দলে যেসব খেলোয়াড় রয়েছে, তাদের গুণগত মান নিয়ে কেউ প্রশ্ন তুললে সে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়।
মাদ্রিদে আসার পর থেকে ইতোমধ্যে দুটি পিচিচি ট্রফি এবং একটি গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৪টি গোল করে রিয়ালের আক্রমণভাগের প্রধান স্তম্ভ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছেন তিনি।
বার্সেলোনাকে হারানোর পর এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ এখন দৃষ্টি দিচ্ছে আগামী রোববারের রেসিং সান্তান্দারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের দিকে।

