আকস্মিক অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্বপ্রস্তুতির কারণে তা দ্রুত ও কার্যকরভাবে নিরসন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
শুক্রবার (৩০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএনসিসির কুইক রেসপন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এবার বর্ষা মৌসুমের আগেই ২৯টি খালের ১০০ কিলোমিটারেরও বেশি এলাকা দখলমুক্ত করে পানিপ্রবাহের ব্যবস্থা করা হয়। যার ফলে হঠাৎ বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে।’
আকস্মিক বৃষ্টির পর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি জরুরিভিত্তিতে কন্ট্রোল রুম স্থাপন, হটলাইন চালু এবং কুইক রেসপন্স টিম গঠন করে। রাত ৩টায় মিরপুর, আগারগাঁও, উত্তরা, মালিবাগ, ধানমন্ডি, বনশ্রীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক।
তিনি জানান, জলাবদ্ধতার তথ্য জিআইএস ম্যাপের মাধ্যমে হটস্পট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নির্দেশনা দেয়া হয়েছে।
জরুরি সাড়াদানকারী দলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ধানমন্ডি ২৭, আশকোনা, বনশ্রী, বেগুন টিলা, পশ্চিম কাজীপাড়া কাঠালবাগান, মগবাজার ডাক্তার গলি, যমুনা ফিউচার পার্ক, প্যারিস রোড,কাজী পাড়া মেট্রো স্টেশন, কাওলা, খিলক্ষেত বটতলা, কাজীপাড়া বসুন্ধরা লেন, আগারগাঁও ৬০ ফিট ভাঙ্গা ব্রিজ, মিরপুর ১৪, পশ্চিম শেওড়াপাড়া মেট্রো রেল পিলার নাম্বার ৩৬০, রুপনগর রোড নাম্বার ৩৩ হতে ৩৯, ইব্রাহিমপুর বাজার, উত্তরা সেক্টর সেক্টর-৩ রোড নম্বর ১৮, মালিবাগ চৌধুরীপাড়া এবং পল্লবী বেগুন টিলা এলাকায় জলাবদ্ধতা নিরসন করা হয়েছে।
এছাড়া ৪০ নম্বর ওয়ার্ডের ভাটারা মেইনরোড, ফাসেরটেক, ওয়াজউদ্দিন রোড ও সরকারবাড়ি মোড় এলাকায় রাতের মধ্যেই পানি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুইক রেসপন্স টিম জানিয়েছে, আজমপুর রেলগেট থেকে কাঁচকুড়া পর্যন্ত ড্রেনেজ উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় ওইসব এলাকায় কোনো জলাবদ্ধতা হয়নি। তেজকুনি পাড়া, কাওলা, বিটিআই গলি, শামীম সাহেবের বাড়ির সামনে জমে থাকা পানিও রাতেই সরানো হয়েছে।
মিরপুর-১০ গোলচত্বর, কালশী রোড, সেকশন-১ ও রূপনগরের পানি অপসারণও সম্পন্ন হয়েছে। তবে বেগুনটিলা ও প্যারিস রোডে কাজ চলমান রয়েছে।
ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে প্রায় ২০০ জন কর্মী কাজ করেছেন। জলাবদ্ধতার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএনসিসি অনুরোধ জানিয়েছে, নগরবাসীর যেকোনো অভিযোগ জানাতে হটলাইন ১৬১০৬ অথবা কন্ট্রোল রুমের নম্বরে (০১৭৩৩৯৮২৪৮৬) যোগাযোগ করতে।

