কৃষক এখনও কৃষিপণ্য কিনতে গিয়ে ঠকছেন, আবার উৎপাদিত পণ্য বিক্রি করতেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কৃষিপণ্যের লাভজনক ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষি বাজার সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে প্রকৃত উৎপাদক কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে কৃষি উৎপাদন কৃষকের কাছে লাভজনক থাকছে না। অনেক সময় উৎপাদন খরচও উঠে আসে না। এ পরিস্থিতি থেকে কৃষকদের রক্ষা করতে কৃষি বাজার ব্যবস্থার সংস্কার জরুরি।
দেশের বিভিন্ন স্থানে সারের সংকট প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে কোথাও কোথাও সারের সংকট তৈরি হয়েছে। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ এবং সার বিতরণে বিদ্যমান অব্যবস্থাপনা দ্রুত দূর করতে কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি আনছার আলী দুলালের সভাপতিত্বে সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাইফুর রেজা মামুন, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু, শাহজাহান সিকদার, মাসুদুর রহমান প্রধান মাসুদ, সাবিনা ইয়াসমিন, মতিনউদ্দিন, মোহাম্মদ স্বাধীন মিয়াসহ অন্য নেতারা।
সভায় সংগঠনের জাতীয় সম্মেলন আয়োজনের লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আনছার আলী দুলালকে আহ্বায়ক, সাইফুর রেজা মামুন ও মাহবুবুল করিম টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
এ ছাড়া কৃষি ও কৃষকের বিদ্যমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কৃষক আন্দোলনের কয়েকটি কর্মসূচি নির্ধারণ করা হয়।
সভা শুরুর আগে ময়মনসিংহের প্রয়াত নেতা কমরেড মোহাম্মদ শাহজাহানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

