etcnews
ঢাকাMonday , 12 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সময়ের আলোতে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ

etcnews
October 12, 2026 5:24 pm
Link Copied!

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর তাঁকে এ নোটিশ দেওয়া হয়।

এর আগে, সরকারি চাকরিতে থাকা অবস্থায় এনসিপির উপজেলা কমিটিতে পদ পাওয়ার বিষয়টি নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত নোটিশে সফিউল্ল্যাহ জগলুকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম রাখা হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১)-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ অবস্থায় সরকারি চাকরিতে থাকা অবস্থায় রাজনৈতিক দলের কমিটিতে পদে থাকার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, “বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আমরা ১১ অক্টোবর সফিউল্ল্যাহ জগলুকে লিখিত শোকজ করেছি। তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।”

/কানিজ/ফাহিম

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।