etcnews
ঢাকাTuesday , 29 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

etcnews
September 29, 2026 3:19 pm
Link Copied!

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, ‘আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের প্রত্যেক নারীপ্রধান ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ‘আমরা শুরু করেছি একদম হতদরিদ্র, এরপরে নিম্নবিত্ত, এরপরে মধ্যবিত্ত, এরপরে উচ্চবিত্ত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের স্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।’সবশেষে কারা কার্ড পাবেন, তার উদাহরণ দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিজের স্ত্রী, উপস্থিত জেলা পরিষদ প্রশাসকের স্ত্রী, মহিলা সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কথাও বলেন।তিনি বলেন, ‘ইউনিভার্সাল মানে সবার জন্য। একটি পরিবারও বাদ যাবে না। এটা হাসির কথা না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। অর্থাৎ ফ্যামিলি কার্ড থেকে কেউ বাদ পড়বেন না। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত।’

কৃষক কার্ড নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটিও সবার জন্য। তালিকাভুক্তির কাজ চলছে। প্রথম পর্যায়ে দুই কোটি ১০ লাখ কৃষককে চার বছরের মধ্যে কার্ড দেওয়া হবে। ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চ এই চার স্তরের ক্রম অনুযায়ী কার্ড বিতরণ হবে।’

যাদের ৫০ বা ১০০ বিঘা জমি আছে, তারাও কৃষক কার্ডের সুবিধা পাবেন বলে জানান তিনি। কার্ডের জন্য কাউকে তদবির করতে হবে না বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের জন্য সরকারের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের সাড়ে তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দির-প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের চার বছরের মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সম্মানী ভাতা দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু এলাকায় ইতোমধ্যে পাইলট আকারে এই কার্যক্রম শুরু হয়েছে। মাসের প্রথম সপ্তাহে ভাতার টাকা সরাসরি তাদের মোবাইল অ্যাকাউন্টে যাবে।’

এ প্রসঙ্গে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন, দলটি ইমাম-মুয়াজ্জিনদের কথা কখনো ভেবেছিল কি না, দাবি তুলেছিল কি না কিংবা নির্বাচনি ইশতেহারে রেখেছিল কি না। তবে সেই দলটির নাম উল্লেখ করেননি তিনি।

স্বাস্থ্যসেবা ও ক্রীড়া নিয়ে সরকারের পরিকল্পনা জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘স্বাস্থ্যসেবার জন্য আমরা এক লক্ষ স্বাস্থ্য আপা নিয়োগ করব। যারা গ্রামে গ্রামে ঘুরে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের খোঁজখবর নেবেন, ওষুধ দেবেন, ট্রিটমেন্ট দেবেন। এর বাইরে খেলাধুলার ব্যাপারে আমাদের কর্মসূচি আছে। বাচ্চাদের স্কুলের পাঠ্যবইয়ের মধ্যে আমরা খেলাধুলা ঢুকাব।’

কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এরপরে মানুষের কর্মসংস্থানের জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা দেওয়া হবে। এবং এই তৃতীয় ভাষা এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা লক্ষ কোটি মানুষ দেশের বাইরে পাঠিয়ে দিতে চাই, যারা বেকার অবস্থায় পড়ে আছে। আপনাদের এলাকা থেকেও, এই এলাকার সন্তানরাও দেশের বাইরে যাবে। এটা হচ্ছে বর্তমান সরকারের কর্মসূচি।’

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পৈতৃক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণের জন্য এক কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। পরে রংপুর জেলা পরিষদকে তা বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি।

এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত সুলতানাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।