etcnews
ঢাকাMonday , 21 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানির দাম

etcnews
September 21, 2026 10:04 am
Link Copied!

দেশের বাজারে দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। একই দিনে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় বেশি থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী থাকায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে।প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৬ ডলারে দাঁড়ায়।

জেপি মরগানের বিশ্লেষকরা ১৮ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলেছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ‘প্রত্যাশার চেয়ে শক্তিশালী’ রয়েছে।তাদের হিসাবে, গত ১০ দিনে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে। তবে এই পরিমাণ ২০২৫ সালের গড় সরবরাহের চেয়ে প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।এর মধ্যেই সৌদি আরবের ওপর ইরান-সমর্থিত হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। শনিবার হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তিনি এখন ‘সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে’ রয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব শিগগিরই বড় ধরনের কিছু ঘটতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের দাম এখন মূলত সরবরাহ পরিস্থিতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে। রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি কমে গেলে বা জাহাজ চলাচলের পরিস্থিতির আরও অবনতি হলে বাজারে তেলের সরবরাহ কমে দাম আবার বাড়তে পারে।

সূত্র: সিএনবিসি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।