মরুভূমির বুকে অপেক্ষা, ভালোবাসার নিঃশব্দ ভাষা আর প্রিয় মানুষের স্বপ্নের পথে নিজেকে সরিয়ে রাখার এক অনন্য শক্তি—পাওলো কোয়েলহোর ‘দি অ্যালকেমিস্ট’-এর ফাতিমা যেন ভালোবাসার চেনা সংজ্ঞার বাইরে থাকা এক চরিত্র। সেই আত্মিক ও রহস্যময় নারীকে এবার মঞ্চে জীবন্ত করছেন তরুণ অভিনয়শিল্পী সায়রা জাহান। আর ফাতিমাকে দিয়েই থিয়েটারে অভিষেক হচ্ছে তার।পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’-এর দর্শন, রূপক ও আত্ম-অন্বেষণের গল্পকে মঞ্চে রূপ দিচ্ছে থিয়েটার দল ‘অ্যাক্টোম্যানিয়া’। নাটকটি পরিচালনা করছেন তালহা জুবায়ের। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফাতিমা। আর এই চরিত্রেই প্রথমবারের মতো মঞ্চে দেখা যাবে সায়রাকে।দ্য অ্যালকেমিস্ট’-এর গল্পে মরুদ্যানের সঙ্গে জড়িয়ে আছে ফাতিমার উপস্থিতি। সান্তিয়াগোর সঙ্গে তার দেখা হলেও ফাতিমা কেবল প্রেমিকা নন; বরং তার চরিত্রের মধ্য দিয়ে ফুটে ওঠে ভালোবাসার এমন এক রূপ, যেখানে প্রিয় মানুষকে নিজের কাছে আটকে রাখার চেয়ে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়াই বড় হয়ে ওঠে। সান্তিয়াগোর নিজের ‘পার্সোনাল লিজেন্ড’-এর সন্ধানে যাত্রাকে তাই ফাতিমা থামিয়ে দেয় না, বরং তার স্বপ্নের প্রতি আস্থা রাখে।
এই চরিত্রটিই সায়রার কাছে হয়ে উঠেছে বড় এক অভিনয়-চ্যালেঞ্জ। কারণ, ফাতিমার অনুভূতি অনেকটাই প্রকাশ পায় নীরবতায়। অপেক্ষা আছে, ভালোবাসা আছে, কিন্তু নেই কোনো অভিযোগ কিংবা অধিকারবোধ। সেই নিঃশব্দ আবেগকে মঞ্চে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাকে।সায়রা বলেন, ‘ফাতিমা চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এবং আনন্দের বিষয়। সে শুধু সান্তিয়াগোর ভালোবাসার মানুষ নয়, সে নিজেই সাহারার এক অখণ্ড অংশ। তার চোখে অপেক্ষা আছে, কিন্তু কোনো আক্ষেপ নেই। প্রথম প্রযোজনাতেই এমন একটি আত্মিক চরিত্র রূপায়ণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
এটি সায়রার প্রথম মঞ্চনাটক হলেও চরিত্রটির জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননি তিনি। অ্যাক্টোম্যানিয়ার নির্দেশনায় টানা কয়েক মাসের ওয়ার্কশপ, রিহার্সাল ও চরিত্র বিশ্লেষণের মধ্য দিয়ে ফাতিমার মনোজগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এই তরুণ শিল্পী। বিশেষ করে চরিত্রটির নীরবতা, সংযম এবং ভালোবাসার ভেতরের শক্তিকে নিজের অভিনয়ে ধারণ করাই ছিল তার অন্যতম প্রস্তুতি।
নাট্যদল অ্যাক্টোম্যানিয়া বিশ্বসাহিত্যের পরিচিত গল্পকে মঞ্চের ভাষায় নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে। ‘দ্য অ্যালকেমিস্ট’-এর ক্ষেত্রেও সেই ভাবনা থেকে মরুভূমির আবহ, আলো, সংগীত ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি করা হয়েছে আলাদা এক মঞ্চজগৎ। সেখানে ফাতিমা চরিত্রটি গল্পের আবেগ ও দর্শনের গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে।
তালহা জুবায়েরের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, সায়েম সিজান, জয়ব্রত বিশ্বাসসহ আরও অনেকে। তবে সায়রার জন্য এই প্রযোজনাটি বিশেষ হয়ে থাকবে অন্য কারণে—কারণ সাহারার বালুচরে দাঁড়িয়ে ফাতিমার অপেক্ষা আর ভালোবাসার মধ্য দিয়েই শুরু হচ্ছে তার মঞ্চযাত্রা।
‘দ্য অ্যালকেমিস্ট’-এর মতো গল্পে ফাতিমা হয়তো সান্তিয়াগোর যাত্রার কেন্দ্রবিন্দু নন, কিন্তু তার উপস্থিতি গল্পের আবেগকে অন্য মাত্রা দেয়। সেই চরিত্রকে মঞ্চে ধারণ করে সায়রাও যেন নিজের অভিনয়জীবনের প্রথম ‘পার্সোনাল লিজেন্ড’-এর সন্ধানে পা রাখছেন।

