etcnews
ঢাকাMonday , 14 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও ২ শতাংশ বাড়ল

etcnews
September 14, 2026 10:47 am
Link Copied!

সৌদি আরব ও হরমুজ প্রণালিতে নতুন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে উঠেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ, দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩২ ডলারে। দিনের শুরুতে দুই ধরনের তেলের দামই ৩ শতাংশের বেশি বেড়েছিল।রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুতিদের হামলায় কয়েকটি বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করা হয়। হুতিরা দাবি করেছে, প্রতিবেশী একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা।

এদিকে রোববার হরমুজ প্রণালিতে একটি জাহাজে নিক্ষিপ্ত বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, আগুনের পর জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়। ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন নাবিক আহত হয়েছেন।এর আগে শুক্রবার ইরাক থেকে চালানো একটি ড্রোন হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক সৌদি আরবের জন্য পাইপলাইনটি গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানি করা সম্ভব হয়।পাইপলাইনটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুতিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ বাব আল-মান্দাব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়েছে।

সরবরাহে এসব বিঘ্নের কারণে গত এক সপ্তাহে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ওমানে চলমান আলোচনা থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না এলে অথবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু করা না গেলে তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে মার্চের শুরুর দিকের ১১৯ দশমিক ৪৮ ডলারের সর্বোচ্চ দামের দিকে আবারও এগিয়ে যেতে পারে অপরিশোধিত তেলের দাম।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ওমানে সোমবারের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।

প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের পর জুনে একটি অন্তর্বর্তী সমঝোতা হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে যায়। এরপর থেকে যুদ্ধ বন্ধে আর কোনো শান্তি আলোচনা হয়নি।

সূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।