আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফর উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয়। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি বলেন, এ আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে সফর উপলক্ষে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাবে। সে অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে শুরু করে সফর শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সিলেটের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং আমন্ত্রণের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অনেকে।

