গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরে একটি এয়ার শো চলাকালে ফ্যান্টম এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তানাগ্রা বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।দুই আসনের যুদ্ধবিমানটি এথেন্স ফ্লাইং উইক ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। তবে কীভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির তথ্য অনুযায়ী, প্রদর্শনীর একপর্যায়ে বিমানটি হঠাৎ উচ্চতা হারাতে শুরু করে এবং মাটিতে আছড়ে পড়ে। মাটিতে আঘাতের পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।
এথেন্স ফ্লাইং উইক এ বছর ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের অন্যতম বড় এয়ার শো হিসেবে পরিচিত এ আয়োজনে বিভিন্ন ধরনের বিমান প্রদর্শন, দলগত উড্ডয়ন, উচ্চ ঝুঁকির কসরত এবং প্যারাশুট জাম্পের আয়োজন থাকে।দুর্ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেন্দিয়াস থেসালোনিকি আন্তর্জাতিক মেলায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে এথেন্সে ফিরে যান। একই সঙ্গে আয়োজকরা সপ্তাহান্তের বাকি সব অনুষ্ঠান বাতিল করেছেন।
যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর তানাগ্রা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন আশপাশের বনাঞ্চলেও ছড়িয়ে যায়। ঘটনাস্থলে প্রায় ১১৫ জন দমকলকর্মী ও ৩৬টি অগ্নিনির্বাপণ যান কাজ করছে। পাশাপাশি পর্যায়ক্রমে নয়টি বিমান ও চারটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একটি হেলিকপ্টার পুরো উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সমন্বয় করছে।
সূত্র: ইউরো নিউজ

