সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন লিটন দাস। ৬৯ রানে আউট হয়েছেন এই ব্যাটার। তবে তিন অঙ্কের ঘরের দিকে এগোচ্ছেন মুশফিকুর রহিম। ৯০ রানে অপরাজিত থেকে চা-পান বিরতিতে গেছেন তিনি। মুশফিকের ব্যাটে ভর করে ৩৫৩ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
সোমবার (১৮ মে) ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দিনের পঞ্চম ওভারে বাংলাদেশ উইকেট হারায়। শান্ত ৪৬ বলে ১৫ রান করে খুররম শাহজাদের কাছে এলবিডব্লিউ হন।
এরপর ক্রিজে নামেন লিটন দাস। মুশফিককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। মুশফিক কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ওয়ানডে মেজাজে খেলতে থাকেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন।
লিটনকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন মুশফিক। তবে দলীয় ২৩৮ রানে ৯২ বলে ৬৯ রান করে আউট হন লিটন। এরপর সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ১৯ রান করে ফিরে যান তিনি।
তবে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মুশফিক। ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ৭৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ৯০ ও তাইজুল ৮ রানে অপরাজিত আছেন।

