দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে তারেক রহমানের। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া এলাকায় একটি পথসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর দুপুরে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় পৃথক খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজনৈতিক কর্মী হিসেবে চাঁদপুর গিয়েছিলেন। জানা গেছে, এই সফরে তিনি জেলার সেচ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন।
দীর্ঘদিন পর জেলায় তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ব্যাপক প্রস্তুতি ও শোডাউনের আয়োজন করে আসছে। শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত চলছে সাজসজ্জা ও প্রচারণা।সফরসূচি অনুযায়ী, এদিন বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। এ সময় তিনি ভার্চ্যুয়ালি আরও কয়েকটি জেলার কর্মসূচিও উদ্বোধন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে ঘিরে চাঁদপুরজুড়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

