দীর্ঘ রাজনৈতিক বিতর্ক ও টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আলোচিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’। গত বছর সারা দেশে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে সিনেমাটি তখন মুক্তি পায়নি। এবার ১৫ মে রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
এর ট্রেলার লঞ্চ ঘিরে আগেই কলকাতায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় একাধিক জটিলতা ও বাধার মুখেও পড়তে হয় সিনেমাটিকে। ফলে রাজ্যে মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
একই দিনে মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তীর নতুন সিনেমা ‘আখরি সাওয়াল’। ছেলের সিনেমার প্রচারে শহরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সেখানেই রাজনীতি ও সিনেমা-দুই বিষয় নিয়েই খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
মিঠুন চক্রবর্তী বলেন, গত কয়েক বছর ধরে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তার দাবি, ‘শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে এবং সেটা সঠিক সময়েই হয়েছে।’
টলিউডে সিনেমা ব্যান সংস্কৃতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে আর কোনো ছবিকে ব্যান করা হবে না। তার ভাষায়, ‘এবার থেকে ছবি ভালো হলে দর্শক দেখবেন, খারাপ হলে দেখবেন না। সিদ্ধান্ত পুরোপুরি দর্শকের হাতে থাকবে।’
ছেলে নমশী চক্রবর্তীকে নিয়ে গর্ব প্রকাশ করে মিঠুন বলেন, তিনি একজন ভালো অভিনেতা এবং নতুন সিনেমাবির বিষয়বস্তুও যথেষ্ট সাহসী। দর্শকরা সিনেমাটিকে ইতিবাচকভাবে নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মিঠুন। নাম না করে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘উনি এতদিন যা খুশি করেছেন, এখন করুক। আমাদের কিছু যায় আসে না।’
ছেলের সিনেমার মুক্তি এবং রাজ্যের রাজনৈতিক আবহ একসঙ্গে মিলে এই সময়কে তার জন্য বিশেষ আনন্দের মুহূর্ত বলে উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী।

