বাংলাদেশে জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লারোসার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বৈঠকের কথা জানানো হয়।
বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাস জানায়, মার্কিন প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে। এই গ্যাস বাংলাদেশের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবহার হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার মার্কিন বহুজাতিক কম্পানি এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন।
এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয়ে আলোচনা করা হয়।
গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় জ্বালানি, উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সরকার সব ধরনের সোর্স থেকেই জ্বালানি আমদানির চেষ্টা করছে।
সাশ্রয়ী মূল্যে যেখান থেকেই হোক; ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া সেখান থেকেই হোক, কেনা হবে।

