মিরপুর টেস্টের পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানকে ঘরের মাঠে প্রথমবারের মতো হারানোর ম্যাচে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রান করে হয়েছেন ম্যাচসেরা।
এবার আইসিসির কাছ থেকেও পুরস্কার পেলেন শান্ত। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য র্যাংকিংয়ে ১৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়কের। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় যৌথভাবে ২৩ নম্বরে আছেন তিনি। তার সঙ্গী পাকিস্তানের ব্যাটার বাবর আজম।
শুধু বাঁহাতি ব্যাটারের নয়, উন্নতি হয়েছে তার সতীর্থদেরও।
মিরপুর টেস্টে জোড়া ফিফটি হাঁকানো মমিনুল হক এগিয়েছেন ১২ ধাপ। তার অবস্থান ৩৫ নম্বরে। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ৯৩ রান করা মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন।
বিপরীতে অবনতি হয়েছে মাহমুদুল হাসান (৭৭ নম্বর), সাদমান ইসলাম (৫৮ নম্বর) ও মেহেদী হাসান মিরাজ (৬২ নম্বর)। শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৮৮০ পয়েন্ট নিয়ে চূড়া আছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
ঐতিহাসিক জয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
৪০ রান খরচ করে দ্বিতীয়বারের মতো ‘ফাইফারের’ কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে তার। বোলারদের তালিকায় তার অবস্থান ৬৪ নম্বর। উন্নতি হয়েছে তাইজুল ইসলামেরও। তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে আছেন তিনি। আর সবমিলিয়ে শীর্ষে আছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। তার পয়েন্ট ৮৭৯।

