ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে বহুল আলোচিত এই নির্বাচনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। বিশেষ করে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ঘনিষ্ঠ’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি তোলা হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি বা ‘ছাত্র উপদেষ্টা’ হিসেবে থাকা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামবেন কি না, সেটাই এখন রাজনৈতিক আড্ডা থেকে টিভির টকশো, রাজধানী থেকে গ্রাম সবখানে অন্যতম আলোচিত জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে।
এমন প্রেক্ষাপটে ছাত্র উপদেষ্টাদের দুজনই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে কালবেলাকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এ দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন। এ ছাড়া দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যে সরকারের ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে বর্তমানে রয়েছেন দুজন ছাত্র প্রতিনিধি। শুরুর দিকে এনসিপি গঠনের আগে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলামও ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। তিনি ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি পরিচালনার দায়িত্ব নেন। মাহফুজ আলম প্রথমে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার ও ক্রীড়া—উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নির্বাচন সামনে রেখে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন। উপদেষ্টা পরিষদ থেকে ‘দল ঘনিষ্ঠ’ ব্যক্তিদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদিও তারা প্রকাশ্যে কারও নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের ধারণা—ইঙ্গিত করা হয়েছে দুই ছাত্র উপদেষ্টার দিকেই। অন্যদিকে, এনসিপি অভিযোগ করেছে, উপদেষ্টা পরিষদের অনেক সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ (সম্পর্ক) গড়ে তুলেছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

