মুসলিম মিল্লাতের ঈমানী জাতীয় শহীদ দিবস ‘শাহাদাতে কারবালা দিবস’ উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি শুক্রবার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলার আহ্বায়ক আরিফুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আবুল কাসেম, আল্লামা শেখ নঈম উদ্দীন, জনাবা সাবিনা সাদাত সাফা, নিজাম উদ্দীন, কামরুল আলম নকীব, সৈয়দ নুরুল আমিন, আজিম উদ্দীন, আল্লামা ইব্রাহীম, জনাবা আরজু আক্তার, জনাব সাইফুদ্দীন, বেলাল উদ্দীন রোকন, জানে আলম বাচ্চু, কুতুব উদ্দীন, আব্দুল হাকিম, তছলিম উদ্দীন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মহররম হলো ঈমানী শোক ও শপথের মাস, আনন্দ-উৎসবের নয়। এই মাসে ইমামে আকবর হযরত ইমাম হুসাইন (রা.) ও আহলে বায়তের শাহাদাত মুসলিম মিল্লাতের আত্মত্যাগ, ঈমান ও মানবতার জন্য সর্বোচ্চ নমুনা হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তাঁরা বলেন, কারবালার এই শাহাদাত কোনো নিরেট ঘটনা নয় বরং তাওহীদ, রেসালাত, খেলাফতে ইনসানিয়াত ও মানবাধিকারের রক্ষার এক মহান নিদর্শন। শাহাদাতের এ মহান আদর্শ অনুসরণ না করে কেবল আনুষ্ঠানিকতা দিয়ে দিবস পালন অর্থহীন।
সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, কারবালার সত্য ইতিহাসের বিকৃতি ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন বাতিল মতবাদ—বিশেষ করে শিয়াবাদ ও খারেজি চিন্তার অনুসারীরা। এদের প্রতারণা থেকে মুসলিম সমাজকে হুশিয়ার থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, ইমাম হুসাইনের শাহাদাত ইসলামের ন্যায়ভিত্তিক শাসন, ন্যায়পরায়ণ সমাজ এবং মানবতার খেলাফতের জন্য এক অবিনাশী মাইলফলক। এই আদর্শ বাস্তবায়নে প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব রয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন স্থান থেকে হাজারো মুসলমান অংশগ্রহণ করেন এবং সালাতু সালাম ও দোয়ার মাধ্যমে শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

