গ্ল্যামার, আভিজাত্য আর সুরের মূর্ছনায় যিনি কাঁপিয়ে বেড়ান বিশ্বমঞ্চ, সেই আন্তর্জাতিক পপ কুইন রিহানা এবার ভারতের মাটিতে পা রেখেই তৈরি করলেন এক অবিস্মরণীয় মুহূর্ত। কোনো বিশাল কনসার্ট নয়, কোনো চোখ ধাঁধানো পারফরম্যান্স নয়, শুধুমাত্র একটি শব্দ! আর সেই একটি শব্দেই কুপোকাত তিলোত্তমা মুম্বাই।গত ২৪ এপ্রিল নিজের কসমেটিক ব্র্যান্ড ‘ফেন্টি বিউটি’র গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে রিহানা প্রমাণ করলেন কেন তিনি বিশ্বজুড়ে এতোটা সমাদৃত। কেবল রূপ বা গুনে নয়, মানুষের হৃদয়ে প্রবেশের চাবিকাঠিও তার নখদর্পণে।নিজের বিউটি ব্র্যান্ড এর উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বাইয়ে উপস্থিত হয়ে সেখানে হিন্দি ভাষায় ‘ধন্যবাদ’ কীভাবে বলতে হয় ভক্তদের কাছে তা জানতে চান তিনি। এরপর যখন গায়িকা মিষ্টি করে ‘শুকরিয়া’ বলেন, মুহূর্তেই ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।
রিহানার এই সফর ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে অনুষ্ঠানের চাকচিক্যের চেয়েও বাইরে অপেক্ষমাণ দর্শকদের সঙ্গে তার এই স্বতঃস্ফূর্ত ও আন্তরিক কথোপকথনটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করছেন, ‘হিন্দিতে ধন্যবাদ কীভাবে বলে?’ উত্তর শোনার পর তিনি ভিড়ের দিকে তাকিয়ে বলেন, ‘শুকরিয়া!’ তার এই সামান্য প্রচেষ্টায় ভক্তরা উল্লাসে ফেটে পড়েন এবং স্থানীয় সংস্কৃতির প্রতি তার এই শ্রদ্ধাবোধের প্রশংসা করেন।
তবে এদিন শুধু কথাতেই নয়, সাজপোশাকেও রিহানা ছিলেন অনন্যা। অনুষ্ঠানের দুই দফায় তার উপস্থিতিতে চোখ ধাঁধিয়ে গিয়েছিল ফ্যাশন বোদ্ধাদের। মূল অনুষ্ঠানে রিহানা পরেছিলেন মুগলার ফল ২০২৬ কালেকশনের একটি চার্ট্রুস (হলদে-সবুজ) রঙের গর্জিয়াস মনোক্রোম পোশাক। যার হাই-নেক টপ আর লেদার স্কার্টের সেই মিশেলে তাকে লাগছিল রাজকীয়।
অন্যদিকে রাতের পার্টিতে তিনি ধরা দেন আধুনিক লুকে, একটি কালো ‘ফিট-অ্যান্ড-ফ্লেয়ার’ জার্সি ড্রেসে। তবে চমক ছিল অন্য জায়গায়। পশ্চিমা পোশাকের সাথে ভারতীয় আমেজ আনতে তিনি হাতে পরেছিলেন প্রখ্যাত ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা হীরাখচিত ‘হাথফুল’।
উল্লেখ্য, ২০১৭ সালে এলভিএমএইচ -এর সঙ্গে হাত মিলিয়ে রিহানা যখন ‘ফেন্টি বিউটি’ শুরু করেন, তখন থেকেই তার লক্ষ্য ছিল প্রতিটি মানুষের ত্বকের বর্ণকে সম্মান জানানো। ৪০টি ভিন্ন শেডের ফাউন্ডেশন বাজারে এনে তিনি রূপচর্চার জগতে যে বিপ্লব ঘটিয়েছিলেন, ভারতের মুম্বাইয়ে তার এই রাজকীয় যাত্রার মাধ্যমে তা এখন ভারতের বাজার দখলের পথে।
মুম্বাইয়ের এই সফর কেবল একটি ব্র্যান্ড লঞ্চিং হিসেবে নয়, বরং রিহানার মানবিকতা আর ভারতীয় সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
/কানিজ

