হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল অ্যালেন নিজের ঘোষণাপত্রে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধর্ষক, পেডোফাইল ও দেশদ্রোহী হিসেবে উল্লেখ করেছেন। হামলার চেষ্টার ঘটনার পর এক সাংবাদিক হামলাকারীর ম্যানিফেস্টো থেকে এ উদ্ধৃতি পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানান ট্রাম্প।সোমবার (২৭ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর সিবিএস নিউজের সাংবাদিক নোরা ও’ডনেলকে সাক্ষাৎকারে দেন ট্রাম্প।ও’ডনেল ট্রাম্পকে হামলাকারীর ঘোষণাপত্র পড়ে শোনান। এরপর ট্রাম্প বলেন, ‘আমি জানতাম আপনি এটা পড়বেন। আপনারা (সাংবাদিক) ভয়ংকর মানুষ।’ এরপর তিনি জোর দিয়ে বলেন, ‘আমি ধর্ষক নই। আমি কাউকে ধর্ষণ করিনি।’
ও’ডনেল জানতে চান, ওই মন্তব্যটি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে কি না। কিন্তু প্রশ্নটি এড়িয়ে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি পেডোফাইল নই।’তিনি ইঙ্গিত দেন, এ মন্তব্যকে ব্যবহার করে তার সঙ্গে জেফরি এপস্টেইনকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘোষণাপত্রে যদিও এপস্টেইনের নাম উল্লেখ ছিল না। ট্রাম্প দাবি করেন, ‘একজন অসুস্থ মানুষের লেখা এসব বাজে কথা আপনি পড়ছেন। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছি।’এদিকে, ট্রাম্প হামলাকারীকে ‘উগ্রপন্থি’, ‘খ্রিস্টানবিরোধী’ এবং ‘অসুস্থ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার জন্য ডেমোক্র্যাট নেতাদের ঘৃণ্য বক্তব্যকে দায়ী করেন।
/কানিজ

