রাজবাড়ীতে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।বিজ্ঞাপনআটকরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম (৩৩) ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর খালকোলা এলাকার বাচ্চু মোল্লার ছেলে ও আটক মাসুমের শ্যালক ছাবিত মোল্লা (২১)।পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুম ও ছাবিতসহ তার পরিবারের সদস্যরা আজ সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে আসে। পরে তারা ট্রেন থেকে নেমে ব্যাটারিচালিত ইজিবাইকে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। তাদের ইজিবাইকটি রেলগেট এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্ব পালন করেছিলেন ট্রাফিক কনস্টেবল আছাদ। কনস্টেবল আছাদ তার দায়িত্ব পালনকালে ইজিবাইকে লাঠি দিয়ে আঘাত করলে ইজিবাইক থেকে নেমে কনস্টেবল আছাদকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তাকে মারপিট করেন মাসুম ও ছাবিত। পরে পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা মাসুম ও ছাবিতকে আটক করে সদর থানা পুলিশকে খবর দেয়।এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত অবস্থায় আমাদের এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

