etcnews
ঢাকাSunday , 19 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বেইলি রোড ট্রাজেডিতে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

etcnews
April 19, 2026 8:22 pm
Link Copied!

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। 
রোববার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন এবং ১৩ জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

আগামী ১৯ মে গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে, গত ২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজালাল মুন্সি এ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে আগুনে পুড়ে ৩ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ৪৩ জনের প্রাণহানি ঘটে।

ঘটনার পর রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। প্রায় দুই বছর তদন্ত শেষে ভবনের মালিকপক্ষ আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রমজানুল হক নিহাদসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।