চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন পৌর শহরে এক ব্যবসায়ীর দোকানঘর দখলের চেষ্টা ও তাকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে।
শুক্রবার (২৪ এপ্রিল) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকানঘরের মালিক মো. সালাম এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার বাবার নামে চরফ্যাশন পৌর শহরের কাপড়িয়া পট্টিতে একটি দোকানভিটি রয়েছে, যা তারা প্রায় ৫৫ বছর ধরে ভোগদখলে আছেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলমগীর মালতিয়া প্রভাব খাটিয়ে ওই দোকানভিটি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালান এবং একপর্যায়ে দোকানটি তালাবদ্ধ করে দেন। পরে জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় দোকানটির দখল ফিরে পান।
সালাম আরও অভিযোগ করেন, চলতি বছরের ৭ এপ্রিল আলমগীর মালতিয়া নিজেকে দোকানটির মালিক দাবি করে তাদের ভাড়াটিয়ার কাছে ভাড়া দাবি করেন। ভাড়াটিয়া ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে আলমগীর মালতিয়া তাকে মারধর করেন। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
তবে অভিযোগ অস্বীকার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তার দাবি, উক্ত জমি তাদের দলিলকৃত সম্পত্তি। সরকার যদি জমি অধিগ্রহণ করে থাকে, তবে তা সরকারি কাজে ব্যবহারের কথা। একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে এসব জমি ভোগদখল করে আসছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান এবং কারও কাছে চাঁদা দাবি করার অভিযোগও অস্বীকার করেন।
/কেএফ/ফাহিম

