রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে কোলে শিশুর নিথর দেহ নিয়ে হাঁটছেন এক যুবক-এমন একটি হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, শিশুটির নাম সাদমান, বয়স মাত্র তিন বছর বা ৪ বছর। সে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।প্রকাশিত ছবিগুলোর ক্যাপশন থেকে জানা গেছে, কামরাঙ্গীরচর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে চিকিৎসা নিতে সাদমান নামের ওই শিশুটিকে নিয়ে আসছিল তার পরিবার। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, এক যুবক কাপড়ে মোড়ানো শিশুর মরদেহ কোলে নিয়ে বাড়ি যাচ্ছেন। এ ছাড়া হাসপাতালের সামনে ৩ নারীকে কাঁদতে দেখা গেছে। উল্লেখ্য, এ বিষয়ে ছবিতে থাকা ব্যক্তি ও শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুজনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ১৫৯ জন এবং ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল সকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫জন। ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী ১৮৮ জন, এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৫ জন।একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১০৬ জন। প্রাদুর্ভাব শুরুর পর নিশ্চিত হামে ৩৮ এবং সন্দেহজনক হামে ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

/ ইমন খান

